এইমাত্র পাওয়া

ঘুষের টাকাসহ আটক সেই সহকারী প্রিজাইডিং অফিসার মাদ্রাসা শিক্ষককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জামালপুর-২ (ইসলামপুর) আসনের একটি কেন্দ্র থেকে ২৫ হাজার টাকাসহ হাতেনাতে আটক হওয়া সহকারী প্রিজাইডিং অফিসার মাদ্রাসা শিক্ষক আইযুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। কারাদণ্ড প্রাপ্ত এ নির্বাচনী কর্মকর্তা উপজেলার শশারিয়াবাড়ি খানপাড়া দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ওই অফিসারকে ২৫ হাজার টাকাসহ আটক করেছিল স্থানীয়রা। পরে উদ্ধার করে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.