এইমাত্র পাওয়া

২ লাখ ১২ হাজার ভোটে জিতলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বিজয়ী

মৌলভীবাজারঃ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

রবিবার  (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ১৬০টি কেন্দ্রের ফলাফলে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে সপ্তম বারের মতো বিজয়ী হয়েছেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আব্দুল মোহিত হাসানি (মোমবাতি) ৫ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। এছাড়া ইসলামি ঐক্যজোট প্রার্থী আনোয়ার হোসাইন পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬০টি।

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে আব্দুস শহীদের সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সংসদের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন ২০০১-২০১৯ পর্যন্ত। তিনি জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি ও ছিলেন।

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এম.কম ডিগ্রি লাভ করেন। ২০১৮ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আব্দুস শহীদ শিক্ষার প্রসারে এলাকায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজ ও দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ এবং কমলগঞ্জের আব্দুল বারী মুলফত উদ্দিন হাফিজিয়া ইবতেদায়ি মাদরাসা ও সাজেদা বারী শিশু সদনের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। পিছিয়ে পড়া চা-জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা প্রসারে চা বাগান এলাকায় তাঁর উদ্যোগে ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.