এইমাত্র পাওয়া

সেরাদের তালিকায় শাবিপ্রবির ৩৭৮ গবেষক

সিলেটঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩৭৮ শিক্ষক-শিক্ষার্থী।

শনিবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্ব সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও অ্যাকাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। এডি সায়েন্টিফিক ইনডেক্সে র‍্যাংকিং-২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে শাবিপ্রবির ৩৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

এ তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৭৬তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নরশাদ আলী। শাবিপ্রবি থেকে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশে ৮২তম অবস্থানে আছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবিপ্রবি থেকে তৃতীয় এবং বাংলাদেশে ১৪৯তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।

গবেষণার সাফল্যের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়ক পরিবেশ তৈরিকরণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার জায়গা শক্ত অবস্থানে রয়েছে। যার কারণে আমরা গবেষণায় ক্রমাগত ভালো করতেছি এবং এভাবে ভালো করার মাধ্যমে একসময় আমাদের বিশ্ববিদ্যালয় গ্লোবাল র‍্যাংকিং স্থান নিতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল ভালো হওয়ার জন্য আমরা শিক্ষক- শিক্ষার্থীরকে রীতিমতো সাপোর্ট, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি ও টুলস্ শিখাচ্ছি। এর মাধ্যমে সামনে আমরা আরো ভালো করতে পারব বলে আশা করি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.