আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ “বিএড স্কেল পাবে যে ২৩ বেসরকারি টিটি কলেজের সনদধারীরা” এবং “সরকারি টিটি কলেজ ছাড়াও বিএড স্কেল পাবেন যেসব বেসরকারি কলেজের সনদধারীরা” শিরোনাম সহ একাধিক চটকদার শিরোনাম করে বিভ্রান্তি ছড়িয়েছে একটি নাম সর্বস্ব শিক্ষা বিষয়ক অনাইলন নিউজ পোর্টাল। বিষয়টি নজরে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ৯০ টি বিএড কলেজের তালিকা প্রকাশ করে। এর মধ্যে বেসরকারি বিএড কলেজ ৭৬টি এবং সরকারি বিএড কলেজ ১৪টি।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়টির কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।
বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯০টি বিএড কলেজের হালনাগাদ তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হলো । এর মধ্যে বেসরকারি বিএড কলেজ ৭৬টি এবং সরকারি বিএড কলেজ ১৪টি।
আরও বলা হয়, সারা দেশব্যাপী বিস্তৃত বিএড কলেজগুলোর অবস্থান, অবকাঠামো ও শিক্ষক সংখ্যার তারতম্য থাকলেও অভিন্ন কারিকুলাম অনুযায়ী পাঠদান এবং কোর্স সমাপনান্তে অভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ডিগ্রী অর্জন করে বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্জিত সনদের মান প্রতিষ্ঠান নির্বিশেষে সর্বক্ষেত্রেই সমান।
প্রজ্ঞাপনে সবাইকে সতর্ক করে দিয়ে বলা হয়, বর্ণিত বিষয়ে সময়ে সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিমূলক তথ্য আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
নাম প্রকাশ অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা শিক্ষাবার্তা’কে বলেন, নাম সর্বস্ব একটি অনলাইন সংবাদ মাধ্যম বিজ্ঞাপন বাণিজ্য করার উদ্দেশ্যে গুটিকয়েক বেসরকারি বিএড কলেজের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। যেখানে প্রকাশ করা হয় উল্লেখিত বেসরকারি বিএড কলেজের বাইরে কেউ বিএড ডিগ্রি নিলে তা গ্রহণ যোগ্যতা পাবে না বলে বিভ্রান্ত ছড়ানো হয়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে আসলে যাতে কেউ বিভ্রান্ত না হয় তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯০টি বিএড কলেজের তালিকা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে।



শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
