এইমাত্র পাওয়া

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি, দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাবি ছাত্র

ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে পড়তে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হুসাইন। মেধা‌বী ছাত্র আ‌বির স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। এ জন্য বিসিএসসহ অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করেননি তিনি।

শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় টেক্সাসের একটি কফিশপে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আবির। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক ছাত্র। থাকতেন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে।

চলতি বছরের জানুয়ারিতে গ্রাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্ত্রী, বাচ্চাসহ বসবাস করতেন তিনি।

এর আগে দেশে থাকাকালে আবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন৷ আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই জাহিদুল ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে আবিরের মৃত্যুর ঘটনা জেনেছেন।

এ দিকে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটটের অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর ড. মোহাম্মদ শাহীন খান বলেন, শেখ আ‌বির হুসাইন আজ আনুমানিক সকাল ৯টায় আততায়ীর গুলিতে মারা গেছেন। টেক্সাসে একটি কফিশপে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

অধ্যাপক শাহীন খান বলেন, ‘অ‌নেকটা অ‌ভিমা‌ন নি‌য়েই এই বছ‌রের জানুয়ারিতে আবির যুক্তরাষ্ট্রে পা‌ড়ি দেয় উচ্চ শিক্ষা ও উন্নত জীব‌নের আশায়। আ‌মে‌রিকার মা‌টি তার স্বপ্ন পূরণ হতে দি‌ল না। আমরা হারালাম অত্যন্ত ভদ্র ও সুন্দর ম‌নের এক‌ প্রিয় ছাত্রকে, পরিবার হারাল তাদের প্রিয়জনকে। আবিরের এ অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তার মৃত্যু সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ তার প‌রিবার‌কে এই শোক সহ্য করার শ‌ক্তি দেন এবং তা‌কে বে‌হেশত নসিব করুন।’

আবির সেখানকার ‘ক্রিস ফুড মার্ট’ নামে একটি কফিশপে পার্টটাইম চাকরি করতেন। সিগারেট চুরি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ডাকাতির সময় তাকে গুলি করে বলে জানা যায়। স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম-এর এক প্রতিবেদন সূত্রে জানা যায়, পুলিশ যখন সেখানে পৌঁছায়, তারা শেখ আবির হুসাইনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে বিউমন্ট পুলিশ শনিবার হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে এবং দ্বিতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে বলে কেএমডিম উল্লেখ করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.