এইমাত্র পাওয়া

প্রাথমিকে নতুন শিক্ষাক্রম: ৩ দিনের প্রশিক্ষণ শিক্ষকদের জন্য পর্যাপ্ত নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  নতুন বছরে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। কিন্তু এখনও ২০ ভাগ শিক্ষক প্রশিক্ষণ পায়নি। নতুন শিক্ষাক্রম চালুর ক্ষেত্রে শিক্ষকদের মাত্র তিন দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যা পর্যাপ্ত নয় বলে মনে করছেন শিক্ষক সংগঠনগুলো।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেছেন, নতুন শিক্ষাক্রম চালুর জন্য মাত্র তিন দিনের প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। আর যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে বছর ধরে প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

নতুন শিক্ষাক্রম চালু হয়েছে প্রথম শ্রেণিতে। নতুন বছরে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে। নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের চাপ কমিয়ে আনা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর।

শিক্ষা গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নির্ভর করছে শিক্ষকদের ওপর। তাই প্রশিক্ষণ না পেলে শিক্ষকরাও সমস্যার সম্মুখীন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া। তাঁদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলেই ভালো ফল পাওয়া যাবে।

তবে মন্ত্রণালয়ের দাবি, নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি ভালোভাবেই নেওয়া হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণও চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, নতুন শিক্ষাক্রমের কথা মাথায় রেখে প্রশিক্ষণ কোর্সগুলোকে ঢেলে সাজানো হয়েছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি এবং তৃতীয় শ্রেণিতে ছয়টি বিষয় পড়তে হবে শিক্ষার্থীদের। আর শিক্ষক সহায়িকা থাকবে ১১টি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.