এইমাত্র পাওয়া

নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ করেছেন বিএনপিপন্থী শিক্ষকর

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। চলমান নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচিকে সমর্থন দিয়ে লিফলেট বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকরা।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট এলাকায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে এ প্রচারণায় অংশ নেন তারা। এ সময় দোকান, রিকশা ও বাসে লিফলেট বিতরণ করেন শিক্ষকরা।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘সারা দেশে ভোট বর্জনের প্রচারণায় জনগণকে সম্পৃক্ত করার অংশ হিসেবে জাবির বিএনপিপন্থী শিক্ষকরা এ কর্মসূচি পালন করছে। ডামি নির্বাচন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন নয়।’

দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আসন্ন নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ অভিহিত করে বলেন, ‘এ নির্বাচনে যেন জনগণ অংশগ্রহণ না করে। আমরা মনে করি, এটা কোনো নির্দিষ্ট দলের বিষয় নয় বরং এটা একটি জাতির বিষয়। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হলে পুরো জাতি রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. আব্দুল হালিম, অধ্যাপক তালিম হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন, সহযোগী অধ্যপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.