গোপালগঞ্জঃ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই সরকারকে রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, ‘মোনাজাতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য এবং এই সরকারই যেন ফেরত আসে দোয়া চেয়েছি। আসন্ন জাতীয় নির্বাচন যেন সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই সরকারকে (শেখ হাসিনাকে) রাখা প্রয়োজন।’
এসময় বিশ্ববিদ্যালয়ের বিষয়ে উপাচার্য বলেন, ‘প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা চ্যালেঞ্জ আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যালেঞ্জ আবাসিক বিষয়। নারীদের জন্য একটি মাত্র হল। প্রধানমন্ত্রী আমাদের জমি দিয়েছেন কেরাণীগঞ্জে। এখন সেই জমির ওপর উন্নয়ন করা হবে। সেই সাথে এখন একাডেমিকভাবে উন্নতি করতে হবে। এবং শিক্ষার্থীদের জন্য এখন খেলার মাঠ নেই।’
এসময় উপাচার্য টুঙ্গিপাড়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের বিষয়াবলি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন ক্যাম্পাস সময় সাপেক্ষ ব্যাপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ থাকতে পারে না। সেক্ষেত্রে আমাদের বেশি বাজেট প্রয়োজন।’
এদিন শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে এক মিনিট নিরবতা পালন করেন উপাচার্য। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
