এইমাত্র পাওয়া

নাশকতা: বিএনপির তীব্র সমালোচনায় রাবির একশ’ শিক্ষক

রাজশাহীঃ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনীতির নামে বিএনপির নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশ’ শিক্ষক। সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন তারা।

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিএনপিসহ কয়েকটি দল জনগণের আস্থা হারিয়ে রাজনৈতিক কর্মসূচির আড়ালে নিয়মিত নাশকতা চালাচ্ছে।

পুলিশ হত্যা, শ্রমিক পুড়িয়ে হত্যাসহ আগুন সন্ত্রাস পরিহার করে বিএনপি ও তাদের সমমনা দলগুলোকে দেশের স্বার্থে সুস্থ রাজনীতি চর্চার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ পৃথিবীর সব মানবাধিকার সংস্থার প্রতি বাংলাদেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

নির্বাচন বানচালের নামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছেন এই ১০০ শিক্ষক। তারা বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ২৯ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কথিত রাজনৈতিক বিক্ষোভের সময় বিএনপি সমর্থকরা ২৭৮টি গাড়িতে আগুন দেয় আর ১৫টি ভবন ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য যানবাহন। এসব সহিংস ঘটনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও রেহাই পায়নি।

অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ কৃষক-শ্রমিক, যার বিপক্ষে দাঁড়িয়েছেন রাবির শিক্ষকরা। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এসব নাশকতার ফলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

দেশের মানুষ শান্তি ও সহজ-সরল জীবন চায় জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগের তীব্র বিরোধিতা করে বাংলাদেশের চলমান অগ্রগতিতে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে সই করেছেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. এএইচএম কামরুল আহসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রদীপ কুমার পান্ডে, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, আইন বিভাগের শিক্ষক ড. এম আহসান কবির, রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক রুকসানা পারভীন এবং ফার্মেসি বিভাগের শিক্ষক আফিয়া আখতারসহ মোট ১০০ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.