এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন লেনদেনের সুযোগ দেবে ‘মানিব্যাগ’

ঢাকাঃ যাত্রা শুরু করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’। অনলাইন লেনদেনের নতুন এই মাধ্যমের মূল লক্ষ্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল ফি ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করা।

সোমবার (১৮ই ডিসেম্বর) রাতে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ের’ উদ্বোধন করা হয়।

ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। যা প্রযুক্তির বিকাশ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের সব পেশার মানুষের জীবন যাত্রার মানবৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সহজলভ্য সেবা চালু করে শিক্ষাখাতে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কুড়িয়েছে সংশ্লিষ্টদের প্রশংসা। এই ধারা অব্যাহত রাখতে এবার তারা উদ্বোধন করলো ‘মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে’ সার্ভিস।

সংশ্লিষ্টরা বলছেন, মানিব্যাগ পেমেন্ট গেইটওয়ে সার্ভিস এর মূল লক্ষ্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল ফি লেনদেন ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা। এতে করে উপকৃত ও ভোগান্তিমুক্ত হতে পারবেন দেশের সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের এম ডি এবং সি ই ও মোহাম্মদ আবু কায়েস জাহাদি বলেন, ‘যদি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানিব্যাগের ব্যবহার যথাযথ করা যায় তাহলে বাংলাদেশের মানুষের অনেক কর্মঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে নষ্ট হবে না। ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন পেমেন্ট, রাখতে পারবেন যথাযথ হিসেব।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানকে ‘মানিব্যাগ গেটওয়ে সিস্টেম’ বিনামূল্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে বলেও ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও। তিনি বলেন, এতে করে আধুনিক ব্যবস্থাপনায় চলতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে মানিব্যাগের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজকন টেকনালোজি লিমিটেডের পরিচালক আজমল আজিম। এছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, সামরিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.