এইমাত্র পাওয়া

ফুলবাড়ীতে চার শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুজন সহকারী ও দুজন প্রধান শিক্ষককে ব্যাপক সাজসজ্জা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার দুপুর ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী শিক্ষকগণ হলেন- উপজেলার বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পশ্চিম বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তৈয়ব আলী, একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও পূর্ব কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবুল ফাত্তাহ। চলতি বছরের বিভিন্ন সময় তারা চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তাদের বর্ণাঢ্য চাকরি জীবনের শেষে বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে নাওডাঙ্গা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা আয়োজন করেন বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, ইউপি সদস্য আয়াজ উদ্দিন আমন্ত্রিত অতিথি ছিলেন।

বিদায়ী শিক্ষক মতিয়ার রহমান ও আবুল ফাত্তাহ বলেন, চাকরি জীবনের শেষে এমন বর্ণিল বিদায় সংবর্ধনা পেয়ে আমরা সত্যিই মুগ্ধ। আমাদের বিদায় মুহূর্তের দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজ আনন্দে ভরে গেছে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার ও সহকারী শিক্ষক শামিমা জাহানের সঞ্চালনায় বিদায়ী আলোচনা সভায় সহাকারী শিক্ষক আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৈয়ব আলী, প্রধান শিক্ষক আইয়ুব আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকগণকে পর্যাপ্ত উপহার, উপঢৌকনসহ সুসজ্জিত মাইক্রোবাসে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.