এইমাত্র পাওয়া

নিখোঁজের ছয়দিন পর কুষ্টিয়াই মিললো স্কুল ছাত্রের অর্ধগলিত মরদেহ

আল-মাহমুদ জিম।।

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ছয় দিন পর একটি মেহগনি বাগান থেকে শাহিন আলী (১১) নামে এক প্রবাসীর ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে কৃষিকাজ করতে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও একই গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গত ১১ ডিসেম্বর বিকাল ৪টার দিকে স্কুলছাত্র শাহিন আলী তার দাদার ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পর দিন ১২ ডিসেম্বর দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার।

পরিবারের লোকজনের ধারণা, ভ্যানগাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা শাহিনকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়ে গেছে।

উদ্ধার হওয়া মরদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। তবে মরদেহটি স্কুলছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.