নিউজ ডেস্ক।।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, জাতীয় শিক্ষা কারিকুলাম তথা; স্কুল, কলেজ, ভার্সিটিসহ সকল শিক্ষা ব্যবস্থায় কুরআনের সঠিক শিক্ষার ব্যবস্থা যেনো করা হয়। শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিল করার জন্য সরকারের কাছে আমরা জোরদার দাবি জানাচ্ছি।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম এর আল-ইলম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কর্ণপাড়া জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব।
প্রধান অতিথির বক্তব্যে সাজিদুর রহমান বলেন, যদি কুরআনী শিক্ষা ব্যবস্থা এভাবে জাতির মাঝে ছড়িয়ে দেয়া না যায় তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বস নামবে। স্বাধীনতা অর্জনের ৫২ বছর পরেও জাতি আবার সেই পরাধীনতার শিকলে আটকে যাবে। তাই সরকারের উচিৎ ১৬ ডিসেম্বরের এই বিজয়কে কুরআনের শিক্ষার মাধ্যমে দীর্ঘায়ীত করা।
সভাপতির বক্তব্যে আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, হক্বানী উলামা-মাশায়েখ সর্বদাই স্বাধীনচেতা ও সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে ইতিহাসের পাতায় অম্লান হয়ে রয়েছেন। যুগে যুগে দেশ ও জাতির মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে হক্কানী উলামায়ে কেরাম আজীবন সংগ্রাম করেছেন। অত্যন্ত নিঃস্বার্থভাবে তারা দেশ ও জাতির কল্যাণের নিমিত্তে নিজেদের মূল্যবান সময় ও জীবন উৎসর্গিত করেছেন। ১৮৩১ সালের বালাকোটের যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, বিংশ শতাব্দির শুরুর দিকের রেশমী রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনসহ ১৯৪৭ সালের ইংরেজ খেদাও আন্দোলন এরই উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও হক্কানী উলামায়ে কেরামের অবদান কোনক্রমেই নূন্য ছিল না।
এ সময় মুফতী আহসান মাহবুবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ মাসরূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতী আলী আকরাম, মুফতী সুহাইল আহমাদ, মুফতী আব্দুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মুফতী উবাইদুল্লাহ, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা ইসমাঈল, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
