এইমাত্র পাওয়া

নানিয়ার চর বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতে বিজিবি’র শ্রদ্ধাঞ্জলি

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদকঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর।

শনিবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের পক্ষে রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি।

এরপর বিজিবি রাঙামাটি সদর দপ্তরের পক্ষে সেক্টর কমান্ডার পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজিবি রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী দয়াল কৃষ্ণ চাকমার সাথে কথা বলেন। দয়াল কৃষ্ণ চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন।

পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই করে শহিদ হয়েছিলেন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নানিয়ারচরের এই স্থানটিতে তাঁকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.