এইমাত্র পাওয়া

বাঁশখালীতে চেক ডিজঅনার মামলায় স্কুল শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামঃ জেলার বাঁশখালীতে চেক ডিজঅনার মামলায় শওকত আকবর (৪৩) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ছনুয়া মনুমিয়াজী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শওকত আকবরের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪ অক্টোবর ১ লক্ষ ৫০ হাজার টাকার এনআই অ্যাক্ট মামলা করেন শেখেরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাহমনিখীল এলাকার মৃত মাওলানা আবদুল কুদ্দুসের ছেলে হাসমত উল্লাহ। ওই মামলায় গত ১১ ডিসেম্বর শওকত আকবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

শওকত আকবর কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা এলাকার ছৈয়দ মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকেশনাল শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ছনুয়া মনুমিয়াজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শওকত আকবরকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সময়ের আলোকে বলেন, শওকত আকবর নামের এক ব্যক্তিকে ১৩৮ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল ছিল। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.