নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০১০ সালে জয়পুরহাট পশ্চাৎপদ জনগোষ্ঠীর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উৎকর্ষ সাধনে মডার্ণ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জয়পুরহাট নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করলেও আজও বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি ও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি চালাচালিতেই আটকে আছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এমতাবস্থায় বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সুদৃষ্টি কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় স্থাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কয়েক দফা সরেজমিন পরিদর্শনে আবশ্যকীয় সকল শর্ত পূরণ অবস্থায় দেখে সন্তোষজনক প্রতিবেদন প্রেরণ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি মেলেনি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির চিঠি চালাচালিতে আটকে আছে।
জানা গেছে, প্রস্তাবিত মর্ডান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জয়পুরহাট-এর স্থাপনা ও পরিচালনার জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অনুরোধ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিদর্শন করে প্রতিবেদন প্রেরণ করে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্থাপনের সাময়িক অনুমতি না পাওয়া মহামান্য হাইকোর্টে রিট নং-১৫৩৩৮/১৮ (১০-১১-২০১৮) মামলা দায়ের করে। আদেশের কপি প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট বিভাগ কেবলমাত্র ১নং রেসপন্ডেন্ট তথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব-কে নির্দেশ প্রদান করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন রীট মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, বিশ্ববিদ্যালয় স্থাপনের সাময়িক অনুমতি না পাওয়া প্রস্তাবিত মডার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জয়পুরহাট কর্তৃক মাননীয় আদালতে দায়েরকৃত রীট আদেশ এর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কমিশনের লিগ্যাল শাখার মতামত অনুযায়ী হাইকোর্ট বিভাগের উল্লিখিত আদেশ প্রতিপালনের নিমিত্ত প্রস্তাবিত মডার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বিগত ১০/১১/২০১৮ খ্রি: তারিখের আবেদনপত্রটি বিধি মোতাবেক গুনাগুনের ভিত্তিতে (on merit ) অতি জরুরিভাবে নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হয়। ইউজিসির চিঠিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় স্থাপনের সাময়িক অনুমতি এবং শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি না পাওয়া পর্যন্ত প্রস্তাবিত মডার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জয়পুরহাটে শিক্ষার্থী ভর্তি ও পাঠদানের অনুমতি প্রদানের এখতিয়ার কমিশনের নেই মর্মে ১৫-০৪-২০১৯ তারিখের পত্র মারফত বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়।
শুধু ইউজিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যেই চিঠি চালাচালি হয়নি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকেও কয়েক দফায় চিঠি প্রদান করা হয়। তবে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশের নিষ্পত্তি হয়নি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃকপক্ষ এখন পর্যন্ত কোন চিঠি পায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কয়েকদফায় চিঠি চালাচালি হয়েছে শুধু। মহামান্য হাইকোর্টের নির্দেশে বিষয়টি নিষ্পত্তি করা হয়নি। আমরা মহামান্য আদালতের নির্দেশনা বাস্তবায়নে আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি। এবতাবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে প্রস্তাবিত মর্ডান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, জয়পুরহাট-এর স্থাপনা ও পরিচালনা এবং পাঠদান ও শিক্ষার্থী ভর্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া আর্জি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে মন্ত্রণালয়ে কয়েকদফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মহামান্য হাইকোর্টের নির্দেশ প্রতিপালনে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধও করা হয়েছে। এটা মন্ত্রণালয়ের এখতিয়ার যেহেতু এক নং বিবাদী শিক্ষা সচিত তিনিই বিষয়টি নিষ্পত্তি করবেন। কারণ রিট পিটিশনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়কেই নিষ্পত্তির জন্য বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
