নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা আক্তার।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সুলতানা আক্তারের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একইদিন শিবালয় উপজেলা শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা গ্রহণ করেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবেই জয়িতা পুরস্কার পেলেন ড. সুলতানা আক্তার।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সুলতানা আক্তার বলেন, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতির রূপকার। তাই উচ্চশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য নারীকে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে নারীদের সহযোগিতার জন্য পুরুষদেরও এগিয়ে আসতে হবে। আমার জীবনে মা বাবার উৎসাহ ও প্রচেষ্টার পাশাপাশি স্বামীর অনুপ্রেরণা না থাকলে এ পর্যন্ত আসা সম্ভব হতো না।
তিনি আরও বলেন, নারী শিক্ষার উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। সমাজের পিছিয়ে থাকা নারীদের জন্য আমি আজীবন নিরলসভাবে কাজ করে যাব এবং একটি উচ্চশিক্ষিত মানবিক সমাজ গঠনের জন্য আমার চেষ্টা অব্যাহত রাখবো। আমি চাই দেশের প্রতিটি নারীই জয়ের প্রতীক হয়ে উঠুক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুলতানা আক্তার ১৯৮৬ সালের ১৫ এপ্রিল মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ছোট শাকরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং ২০০৯ সালে স্নাতকোত্তরেও প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
পরবর্তীতে পেশা হিসেবে তিনি শিক্ষকতাকে বেছে নেন এবং ২০১১ সালের ১২ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. সুলতানা আক্তার ২০১৯ সালের ৫ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং স্থানীয় ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন। বিভিন্ন গবেষণা জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. সুলতানা আক্তার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য এবং বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, বাংলাদেশ ইতিহাস একাডেমি ও বাংলাদেশ ইতিহাস পরিষদের জীবন সদস্য। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ এবং সেমিনারে প্রবন্ধ পাঠ করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজ সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত এবং ছাত্রদের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘পিডিএফ’ এর উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
