এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামানকে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আরও আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ। তাদেরকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া সভায় যৌন হয়রানির দায়ে শাস্তিপ্রাপ্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেখানে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে সাজ্জাদ হোসেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তার পর পুনরায় সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হবে। এর আগে গত সিন্ডিকেট সভায় ছাত্রীকে যৌন হয়রানি প্রমাণিত হওয়ায় সাজ্জাদ হোসেনের তিন বছরের জন্য পদোন্নতি বন্ধ করা হয়।

সম্প্রতি নিজ কক্ষে ডেকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া গত বুধবার দুপুরে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নুরুল ইসলামের ক্লাস বর্জন করে তাঁর কক্ষে তালা দেন এবং তাঁকে বহিষ্কারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। তাঁর বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.