টিউশনি করে গোল্ডেন এ প্লাস: সুমাইয়ার স্বপ্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

মৌলভীবাজারঃ দরিদ্র পরিবারের সন্তান সুমাইয়া। ২০২০ সালে হার্ট অ্যাটাকে মারা যান বাবা আব্দুল বারেক। প্রচণ্ড মেধাবী সুমাইয়া দমে যাননি। পড়ালেখার পাশাপাশি করতেন টিউশনি। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালান দরিদ্র পরিবারের এই মেয়ে। পড়ালেখার প্রতি আগ্রহী সুমাইয়া এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছেন।

সুমাইয়ার বাবা আব্দুল বারেক জীবিত থাকাবস্থায় শহরে সবজি বিক্রি করতেন। সুমাইয়ার বাবা মারা যাবার পর পরিবারের হাল ধরেন মা সাজেরা বেগম। সাংসারিক ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে সাজেরা বেগম অন্যের বাসায় কাজ করেন। ৪ ভাই বোনের মধ্যে সুমাইয়া দ্বিতীয়। সে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ব্যবসা শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এ সাফল্য অর্জন করে।

সুমাইয়া শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে ২০২১ সালে এসএসসি পাস করে।
সুমাইয়ার পরিবার দীর্ঘ ২৫ বছর ধরে মৌলভীবাজার থাকেন। তার দাদার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। বর্তমানে তারা মৌলভীবাজার পৌর শহরের ধরকাপন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সুমাইয়া প্রতিক্রিয়ায় বলেন, মা ও শিক্ষকদের উৎসাহে এ ফলাফল করেছি। লেখাপড়া করে আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাই। সুমাইয়া সবার দোয়া চেয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.