চট্টগ্রামঃ জেলার মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহ:) দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠার ৩৩ বছরেও এমপিওভুক্ত হয়নি। নানামুখী সঙ্কটে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিরাজ করছে দৈন্যদশা। জরাজীর্ণ টিনশেড ভবনে বছরের পর বছর ছাত্রছাত্রীদের পাঠদান করা হচ্ছে। ভবন, শিক্ষক, কর্মচারী, আসবাবপত্র, খেলার মাঠসহ নানা সঙ্কটে জর্জরিত এই দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯০ সালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় ১০২ শতক জায়গা নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন স্থানীয় বাসিন্দা অধ্যাপক আনোয়ার আহমদ। প্রথমে ১১ জন ছাত্রছাত্রী দিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু করা হয়। শুরুতে নির্মাণ করা হয় তিন কক্ষবিশিষ্ট একটি কাঠের ভবন। পর্যায়ক্রমে ২০০৪ সালে অত্র মাদরাসা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীতে উন্নীত করা হয়। ২০১১ সালে ৯ম শ্রেণী পর্যন্ত পাঠদানের সরকারি অনুমোদন লাভ করে। বর্তমানে ইবতেদায়ি ও দাখিল শাখাসহ প্রতিষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে।
মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করলেও মাদরাসার কোনো উন্নতি হচ্ছে না। এতে খুব হতাশ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। চলতি বছরের ৯ জানুয়ারি মাদরাসায় সুপার হিসেবে যোগাদান করেন মাওলানা এমএম কাশেম। তিনি যোগদানের পর ছাত্রীদের জন্য অজুখানা, কমনরুমসহ অফিসের কিছু আসবাবপত্রের ব্যবস্থা করেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পুকুরের পাড়ে টিনশেডের একটি ভবনের কয়েকটি কক্ষে পাঠদান চলছে। ছাত্রছাত্রীরা গাদাগাদি করে বসেছে। পর্যাপ্ত বেঞ্চ ও টেবিল নেই। দরজা-জানালা ভাঙা। বাইরে থেকে ভেতরের অংশ দেখা যাচ্ছে। দক্ষিণ পাশে একটি ছোট পাকা দালান থাকলেও ছাত্রছাত্রীর তুলনায় যা একেবারে অপ্রতুল। শিক্ষার্থীদের জন্য মানসম্মত টয়লেট নেই।
মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান বলে, পর্যাপ্ত বেঞ্চ না থাকায় ভাঙাচোরা বেঞ্চে বসে ক্লাস করতে অনেক অসুবিধা হয়। ভবনের দরজা জানালা ভাা হওয়ায় বৃষ্টির দিনে ক্লাসে পানি ঢুকে সবকিছু ভিজিয়ে দেয়। আমাদের নতুন ভবন প্রয়োজন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
