কুড়িগ্রামঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন নৌকার মনোনয়ন না পাওয়ায় কুড়িগ্রামের রৌমারীতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা রৌমারী, রাজিবপুর ও চিলমারী এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে মনোনয়নপ্রত্যাশীরা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছিলেন।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পরিবর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়ায় রৌমারীতে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার রাতে (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।
এর আগে রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই শুরু হয় রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ওপর ক্ষোভ প্রকাশ করে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ফেসবুকে লিখেছেন, অপমানের প্রতিশোধ আমি নিতে পারিনি, তবে আল্লাহ ঠিকই নিয়েছেন।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন বলেন, অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ একজন তরুণ নেতা। তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমরা রৌমারীবাসী অনেক আনন্দিত। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু বলেন, কুড়িগ্রাম-৪ আসনের জনগণ আজ মুক্ত হলো। জাকির হোসেন এমপি হওয়ার পর জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। স্থানীয় নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর নিতেন না। সবসময় তার পাশে কিছু সুবিধাভোগী নেতারা বিচরণ করত। তরুণ ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান পলাশকে দলীয় মনোনয়ন দেওয়ায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকায় বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
