কবি নজরুল কলেজ প্রতিনিধি।।
২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৩। এবছর তা কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ১৩ শতাংশে। গতবছর সর্বোচ্চ ফলাফলের সূচক জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৩৫৬ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছেন কেবল ৬৭ জন। সবমিলিয়ে গত বছরের তুলনায় এবছরের ফলাফল ‘হতাশাজনক’ বলে মনে করছেন অভিভাবকরা।
ফল প্রকাশের পরেই কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিকে ২০২৪ সালে ভালো ফলাফলের লক্ষ্যে নিয়মিত ক্লাসে উপস্থিত ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। নির্বাচনি পরীক্ষায় সকল বিষয় পাস না করলে ফরম পূরণ করতে দেওয়া হবে না। রবিবার (২৬ নভেম্বর) কবি নজরুল কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এদিকে ঐতিহ্যবাহী কলেজের এমন ফলাফলে অসন্তোষ জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ইব্রাহিম খলিল অভ্র নামের এক শিক্ষার্থী বলেন, ‘যখন দেখি বাড়ির পাশের কলেজের রেজাল্ট কবি নজরুল কলেজ থেকে শতগুণ ভালো। তখন মনে প্রশ্ন জাগে, কেন ২০০ কিলোমিটার দূরে এসে শহরে যান্ত্রিক জীবন কাটানো? মনে হচ্ছে এখানে এসে অনেক বড় ভুল করে ফেললাম।’
এ বিষয়ে কথা আফতাব হোসেন নামের এক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, ‘এই কলেজে পড়াশোনার অবস্থা ভালো দেখে মেয়েকে এখানে ভর্তি করিয়েছি। কিন্তু এবারের ফলাফল দেখে কিছুটা শঙ্কিত।’
ফলাফল বিপর্যয় ও জিপিএ-৫ কম পাওয়ার কারণ হিসেবে এই অভিভাবক বলেন, ‘বর্তমানে কলেজে নিয়ম শৃঙ্খলার যথেষ্ট ঘাটতি রয়েছে। তাছাড়া শিক্ষকদেরও (চেষ্টার) ঘাটতি রয়েছে। নয়তো গতবারের চেয়ে এতো কম শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার কথা না।’
এদিকে নিয়মিত ক্লাস করার সুবিধার্থে নিয়মিত বাস সার্ভিস চালু রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শান্তা ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘হরতাল-অবরোধসহ অসংখ্য বাহানা দিয়ে কয়দিন পর পর কলেজ বাস বন্ধ রাখে। এখন বাস যদি নিয়মিত না চলাচল করে তাহলে শিক্ষার্থীরা এতো দূর থেকে আসবে কীভাবে? আমরা চাই যেদিন ক্লাস হবে, সেদিন যেন বাস চলে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
