ঢাকাঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই কার্যক্রম শেষ করেছে গতকাল শনিবার। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনে দলীয় প্রতীক নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করবে দলটি। এবার দলীয় মনোনয়নের ক্ষেত্রে সততা, যোগ্যতা, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ততা রয়েছে এমন প্রার্থীদের বাছাই করা হয়েছে। এতে বর্তমান ৩ মন্ত্রীসহ ৬৯ জন এমপি বাদ পড়ছেন। দলের যারা মনোনয়নপ্রত্যাশী তাদের নিয়ে আজ সকাল ১০টায় গণভবনে বৈঠক করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, দলীয় মনোনয়ন না পেয়ে তারা যেন বিদ্রোহী প্রার্থী না হন কিংবা কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি না করেন, তার দিকনির্দেশনা দেবেন দলীয় সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ১৮ থেকে ২১ নভেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হয়। এ সময়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা পড়েছে ৩ হাজার ৩৬২টি। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে দলটি। ঢাকা বিভাগে বিক্রি হয়েছে ৭৩০টি ফরম। চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগে ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি এবং রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়।
কয়েকটি বাদে প্রতিটি আসনে নৌকার প্রার্থী হতে গড়ে ১১ জন মনোনয়ন ফরম কিনেছেন। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন ধাপে দলের মনোনয়নপ্রত্যাশীদের বাছাইয়ে দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ড বৈঠক করে। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্ল্যাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।
প্রথম দফায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য গোপন রাখতে পরের দুই দফায় দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয় গণভবনে। এসব বৈঠকে দেশের ৮টি বিভাগে ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাই করে মনোনয়ন বোর্ড। বাছাইয়ে বর্তমান ৩ জন মন্ত্রীসহ ৬৯ জন এমপি বাদ পড়েছেন। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে ১৩ জন এমপি বাদ পড়েছেন। ৩ জন মন্ত্রীর মধ্যে ১ জন সিলেট বিভাগ, ১ জন চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ১ জন বাদ পড়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আজ রবিবার সকাল ১১টায় গণভবনে বৈঠকে বসেছেন দলীয় সভাপতি।দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে নির্বাচন নিয়ে দেবেন নানা দিকনির্দেশনা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। নির্বাচন হবে অনেক চ্যালেঞ্জিং। এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমরা সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। তাই দলের যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তারা যেন বিদ্রোহী প্রার্থী না হন, এমন নির্দেশনা দেবেন নেত্রী শেখ হাসিনা। এ কারণে দলের প্রার্থী ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীদের ডেকেছেন তিনি।
যেসব কারণে বাদ পড়লেন ৩ মন্ত্রী ও ৬৯ এমপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চমক দেখাতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বোর্ড সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তরুণ নেতৃত্বকে। গত এক বছর ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে একাধিক জরিপ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জরিপে শতাধিক বর্তমান মন্ত্রী ও এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। এর মধ্যে ৬৯ জন এমপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে। এসব অভিযোগের মধ্যে রয়েছে-টানা তৃতীয় দফায় ক্ষমতায় থাকাকালে অনেক এমপি দলীয় শৃঙ্খলা মানেননি। জনসম্পৃক্ততা নেই, যারা বিভিন্ন অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছেন। স্থানীয় পর্যায়ে দেখিয়েছেন দাম্ভিকতা। তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়ন না করা। দলের মধ্যে দ্বন্দ্ব নিরসন না করে সেটি আরও বেশি তৈরি করেছেন, নারী কেলেঙ্কারি, জমি দখল, সরকারি সম্পত্তি দখলসহ নানা অনিয়মের অভিযোগ। এসব কারণেই ৩ মন্ত্রীসহ ৬৯ এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন থেকে সিটকে পড়ছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
