নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পাসের হার ছিলো ৮৭ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমেছে।
রবিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেন শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানরা। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন। পাস করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে। গতবারের তুলনায় ৮৩ হাজার ৯১৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
এবার পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
