নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের আগের রাতে সিলেটে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই বাসটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কে বা কারা দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে সবচেয়ে ক্ষতি হয়েছে বাসের ওপরের অংশ।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি বাস দীর্ঘদিন থেকে ওই এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বাসটির চালক জানান, এ ঘটনায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। বাসে আগুন লাগার পরই আশপাশের মানুষ যদি আগুন নিয়ন্ত্রণ না করতেন, তাহলে পুরো বাসটি হয়তো ভস্মীভূত হতো।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
