ঢাকাঃ জাতির দুয়ারে কড়া নাড়ছে সংসদ নির্বাচন। অন্য পেশাজীবীদের সঙ্গে মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই শিক্ষকরাও। আওয়ামী লীগের হয়ে ভোটের মাঠে রয়েছেন অনেক শিক্ষক।
অনেক শিক্ষক ক্ষমতাসীন দলের হয়ে মনোনয়ন ফরম তুলছেন এবং মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। তাদের মধ্যে কয়েকজন বর্তমান এবং সাবেক সংসদ সদস্যও রয়েছেন। এই শিক্ষকদের বেশিরভাগই কোনো না কোনো শিক্ষক সংগঠনের সঙ্গে জড়িত। তাদের কেউ কেউ আওয়ামী লীগের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত। তারা পেশাগত আন্দোলন ছাড়াও নিজ নিজ নির্বাচনি আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা পেশাজীবীদের রাজনীতিতে অংশগ্রহণকে ইতিবাচক হিসাবেই দেখছেন। ভারত উপমহাদেশের রাজনীতিতে একসময় পেশাজীবীদেরই প্রাধান্য দেখা যেত। তাদের মধ্যে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকরা অন্যতম। দেশের সংসদীয় নির্বাচনেও পেশাজীবীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু দ্রুত এই অবস্থার পরিবর্তন হয়। বিগত কয়েকটি সংসদীয় রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্যই বেশি দেখা যায়।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সপ্তমবারের মতো দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই সংসদীয় আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি প্রবল আশাবাদী। তিনি বলেন, আমি মনোনয়নপ্রত্যাশী। এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে এবারও আওয়ামী লীগকে জয়ী করতে হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এ জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
সিলেট বিভাগের আসনগুলোর মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শামসুল কবীর গণমাধ্যমকে জানান, সাবেক উপাচার্য আনোয়ার হোসেন নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই ফরম সংগ্রহ করতে এসেছিলেন। আনোয়ার হোসেন যে আসনের জন্য ফরম নিয়েছেন, সে আসনের বর্তমান এমপি তারই ছোট ভাই ওয়ারেসাত হোসেন। তারা দুজনই শহিদ কর্নেল তাহেরের ছোট ভাই। আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ২০১২-১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু আওয়ামী লীগের হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসন থেকে আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চলতি মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন জানিয়ে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, আমি উপনির্বাচন করলাম। ৫০ বছর পর আশুগঞ্জ-সরাইলে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য বিপুল ভোটে পরাজিত হয়েছেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ চাঙ্গা রয়েছে। আমি আশাবাদী আবারও নমিনেশন পাব। তিনি বলেন, জাতীয় সংসদে শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব নেই। জাতীয় পর্যায়ের শিক্ষক নেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ হবে। এলাকার জনগণ আমাকে ভালোবাসে। সারা দেশের শিক্ষকরা আমার ভোট করতে চলে এসেছিলেন। আবারও নমিনেশন পেলে এই আসনে নৌকার বিজয় ছিনিয়ে আনার বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ এ. আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। জুলাই মাসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আবারও এমপি নির্বাচনে লড়ার প্রস্তুতি নিয়েছেন ক্ষমতাসীন দলের থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত মোহাম্মদ এ. আরাফাত।
নীলফামারী-২ (সদর উপজেলা) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। মশিউর রহমান আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, নীলফামারী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সাধারণ সম্পাদক। এর আগে ছাত্রাবস্থায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে মশিউর রহমান বলেন, ছাত্রলীগের রাজনীতি করেছি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। দুঃসময়ে রাজনীতি করেছি। নির্যাতিত হয়েছি। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছি। আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
রাজধানীর তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশীদ আওয়ামী লীগের হয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কার্যকরী সভাপতি। তিনি এর আগে একাধিক আসনে নির্বাচনি প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যক্ষ আবদুর রশীদ দিন-রাত এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক আওয়ামী লীগের হয়ে কিশোরগঞ্জ-৩ আসন (করিমগঞ্জ-তাড়াইল) থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ অবসর সুবিধা বোর্ডের সাবেক সদস্য সচিব।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ এমএ সাত্তার। তিনি ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। এ ছাড়াও তিনি অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাজের কল্যাণে এ ট্রাস্ট কাজ করে আসছে। গত ৯ নভেম্বর বাদ জুমা সদর উপজেলার প্রায় সব মসজিদে একযোগে দোয়া ও মিলাদের আয়োজন করেছে এমএ সাত্তার ট্রাস্ট।
সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, স্বরূপকাঠি ও নাজিরপুর) আসনে নৌকার কাণ্ডারি হতে চান অধ্যক্ষ মো. শাহ আলম। অধ্যক্ষ শাহ আলম এর আগে দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান, একবার সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ। গত সাতটি নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের দবিরুল ইসলামের বড় ছেলে তিনি।
এ ছাড়া শরীয়তপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নারী নেত্রী অধ্যক্ষ ড. লায়লা আক্তার রাত্রি। এ ছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অধ্যক্ষ তাজবুল ইসলাম, সিলেট-৪ আসনে গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
