নড়াইলঃ জেলার একটি বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষকের কাছ থেকে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসন ও দলীয় চাপে অবশেষে টাকা ফেরত দিয়েছেন তারা। পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হকের কাছে ওই টাকা রাখা আছে, শিগগিরই ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।
জানা যায়, সদর উপজেলার চাকই-মধুরগাতি এলাকার এএমসিআর সামুতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা ছিল। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম রফিকুল ইসলাম ওই পদের একজন প্রার্থী। গত মঙ্গলবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষ হয়। পরে রফিকুল ওই পদে নিয়োগ পান।
খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাঁধন, যুবলীগকর্মী খোকনসহ ৩০ থেকে ৪০ নেতাকর্মীর একটি দল এসে রফিকুলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি-ধমকি দিয়ে ৩০ হাজার টাকা আদায় করে।
তবে ওই স্কুলের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ তাঁর বোন নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরাকে ঘটনাটি জানান। পরে পৌর মেয়র চাঁদা দাবির বিষয়টির প্রতিকার চেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মেহেদী হাসানকে জানান। পরে তারা চাঁদার টাকা ফিরিয়ে দিয়েছে।
অভিযুক্ত নিলয় রায় বাঁধনের দাবি, নড়াইল পৌর ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম রাকিব ও যুবলীগ কর্মী খোকন শিক্ষক নিয়োগে অনিয়ম হচ্ছে বলে জানালে ঘটনাস্থলে যাই। তবে কারা টাকা নিয়েছে, তা জানি না।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু যুবক ৩০ হাজার টাকা চাঁদা নিয়ে গেছে। এখনও টাকা ফেরত পাইনি।
জানতে চাইলে নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, শুনেছি নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হকের কাছে ওই টাকা দেওয়া হয়েছে। কাজী জহিরুল জানান, নড়াইল পৌর মেয়র ঢাকা থেকে ফিরলে ভুক্তভোগীর টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কারা চাঁদা দাবি করেছে, তা তিনি জানেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
