ঢাকাঃ পাকিস্তানের বেলুচিস্তানে গত দুই মাসে শিক্ষক সংকটে বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে তিন হাজার স্কুল। বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক শিক্ষামন্ত্রী আব্দুল কাদির বখশ বালুচ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
আব্দুল কাদির বখশ বালুচ বলছেন, প্রাদেশিক শিক্ষা বিভাগ তীব্র শিক্ষক সংকটের সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক ও বিভাগীয় সীমাবদ্ধতার কারণে ২০১৯ সাল থেকে সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। অন্যদিকে প্রতি মাসে তিন শতাধিক শিক্ষক অবসর নিচ্ছেন।
শিশুদের স্কুলে ভর্তি না করিয়ে বেলুচিস্তানে সাক্ষরতার হার বাড়ানো অসম্ভব উল্লেখ করে মন্ত্রী জানান, প্রাদেশিক সরকার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি স্কুলের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০টি মেরামত হয়েছে বলে জানান তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে প্রায় আট লাখ স্কুলগামী বয়সের শিশু শিক্ষার বাইরে রয়েছে। প্রায় এক হাজার ৯৬৪টি স্কুলে কোনো ভবন নেই। মোট ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধেক সংখ্যাক প্রতিষ্ঠানে একজন শিক্ষক। একইভাবে ১১ হাজার স্কুলে বিদ্যুৎ নেই, ১০ হাজার স্কুলে পানি নেই এবং এক হাজার ৮০০ স্কুলে টয়লেটের ব্যবস্থা নেই।
শিক্ষামন্ত্রী আব্দুল কাদির বখশ বালুচের মতে, শিক্ষক ও অন্য কর্মচারীদের বেতন-ভাতা বাবদ শিক্ষা বিভাগের বাজেটের ৮০ শতাংশের বেশি ব্যয় হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
