এইমাত্র পাওয়া

মাধ্যমিকে ভর্তির লটারি আগামী মঙ্গলবার

ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ২৬ নভেম্বর নির্ধারণ করায় সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। স্কুলে ভর্তির লটারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর)। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ও ডিজিটাল লটারি আয়োজনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে কারিগরি সহায়তা দেয়া টেলিটককে এ দিন লটারি আয়োজনে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে টেলিটকে পাঠানো এক চিঠিতে ২৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি সব প্রস্তুতি নিতে বলা হয়। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, আগামী বছর দেশের সরকারি ও সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ৬৩ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। সারাদেশের ৬৫৮টি সরকারি ও সরকারিকৃত বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০৬টি।

আর ২০২৪ শিক্ষাবর্ষে শুধু মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি স্কুলগুলো মোট ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসন প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করতে চাচ্ছে৷ তবে বেসরকারি স্কুলগুলোতে আড়াই লাখের মতো শিক্ষার্থীরা ভর্তির আবেদন করেছেন। ফলে বেসরকারি স্কুলগুলোতে কয়েক লাখ আসন ফাফাঁকা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, প্রথমে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামী রোববার (২৬ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এদিকে আগামী রোব, সোম বা মঙ্গলবারের যেকোনো একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য নির্ধারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রধানমন্ত্রী আগামী রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুলে ভর্তির লটারি পেছালো অধিদপ্তর।

গত ২৪ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়। ভর্তির আবেদন শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) নেয়া হয়। আবেদন ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলে। টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ১১০ ফি পরিশোধ করে শিক্ষার্থীদের সরকারি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে হয়েছিলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.