বরিশালঃ জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার বিহারীলাল একাডেমীর নৈশ প্রহরী পদে চাকরি না পেয়ে প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহবুবুর রহমানকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে স্কুলে যাবার সময় পথে মোটরসাইকেলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে তার ওপরে ফ্লিমি স্টাইলে হামলা চালায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে উপজেলার ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার বিহারী লাল একাডেমী স্কুলে গত শুক্রবার নৈশ প্রহরী পদে ইন্টারভিউ হয়। বরিশাল সদর গার্লস স্কুলে অনুষ্ঠিত ওই পদে ইন্টারভিউতে চান্দু আকনের ছেলে সজিব আকন অংশ নেয়। নৈশ প্রহরী পদে ইন্টারভিউতে প্রথম হয়ে ইলুহার গ্রামের নাঈম নামের অন্যজনের চাকরি হয়। এতে সজিব ও তার বাবা চান্দু আকন চরম ক্ষিপ্ত হন। এরপর রোববার সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের অদূরে পূর্ব থেকে ওৎপেতে থাকা চান্দু আকন ও তার ছেলে সজিব আকন মোটরসাইকেলের গতিরোধ করে প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমানকে বলে, তোকে আগেই বলেছিলাম নৈশ প্রহরী পদে চাকরি দিবি, কেন দিলি না। একথা বলে তাকে তারা লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যাওয়াসহ সারা শরীর রক্তাক্ত ও ফুলা জখম হয়। এসময় তার সঙ্গে ব্যাগে থাকা পরীক্ষার ফি’সহ স্কুল ফান্ডের ৮০ হাজার টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া ও মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে হামলাকারী বাবা-ছেলে বলে, তোকে (প্রধান শিক্ষক) হত্যা করতে পারলাম না, পরে যেদিন একা পাবো সেদিন তোকে হত্যা করবো বলে হুমকি দিয়ে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানকে তারা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ শিক্ষক-সমাজ উপজেলার ইলুহার বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানের হাত-পা ভেঙ্গে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী বাবা-ছেলেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে বলেও শিক্ষক নেতৃবৃন্দ জানান।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলাকারী দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
