কুমিল্লাঃ এলএলবি ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ছিলো এলএলবি ফাইনাল। ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার পরীক্ষা ভবনে ছিলো বঙ্গবন্ধু ল কলেজ ও কুমিল্লা ল কলেজের কেন্দ্র। অধিকাংশ পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করেন। অনেকের সাথে ছিলো আইন বিষয়ক বইয়ের বিভিন্ন পাতা, ছেঁড়া টুকরা। কয়েকজন পুরো গাইড নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করেন। পরীক্ষা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার চারটি টয়লেটে দেখা গেছে বইয়ের পাতা, ছেড়া অংশ ও হাতের লেখা চিরকুট। ভবনের পেছনে টয়লেটের সেপটি ট্যাংকে অবস্থান করতে দেখা গেছে পরীক্ষার্থীদের বন্ধু ও স্বজনদের।
পরীক্ষা শেষ হয়েছে সাড়ে ১২টায়। বেলা একটায় বহিষ্কৃত এক নারী পরীক্ষার্থীকে দেখা যায় পরীক্ষা ভবেেন বারান্দায় উপাধক্ষের পা ধরে আছেন। কান্না করছেন আরো দু’জন নারী পরীক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা ল কলেজের বহিষ্কৃত একজন ছাত্র বলেন, এলএলবি পরীক্ষায় দেখাদেখি করে সবাই লেখে। এটা সারাদেশে সব কেন্দ্রে চলে। ভিক্টোরিয়া ব্যতিক্রম। নকল বন্ধ করলে আপনারা সারাদেশে বন্ধ করেন।
কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ও ভিক্টোরিয়া কলেজের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক জীতেন্দ্রনাথ তরফদার জানান, এ কেন্দ্রে দু’টি প্রতিষ্ঠানের ২৯১ জন পরীক্ষার্থীর আসন রয়েছে। আজ ১৮৫ জন পরীক্ষায় উপস্থিত হয়েছে। হাতেনাতে নকলসহ আমরা ১৫ জনকে ধরেছি। যার মধ্যে বঙ্গবন্ধু ল কলেজের চারজন ও কুমিল্লা ল কলেজের ১১ জন শিক্ষার্থীকে একবছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র প্রধান প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ভিক্টোরিয়া কলেজ নকল মুক্ত। নকল করতে হলে কেন্দ্র স্থানান্তর করতে হবে। ভিক্টোরিয়ার ঐতিহ্যের সাথে নকল চলে না। পরের পরীক্ষায় আমরা আরো কঠোর হবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
