বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেলেন জাবির ৩৪ শিক্ষার্থী

ঢাকাঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি-২০২৩” প্রদান করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার খেলোয়াড় শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ৩৪ জন শিক্ষার্থী প্রথমবারের মতো চালু হওয়া এই বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি-২০২৩ পেয়েছেন ।

মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে বিজয়ীদের হাতে চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বাধিক ৩৪ জন খেলোয়াড় এ বৃত্তি লাভ করে, যারা পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অবদান রাখছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে মনোনীত প্রত্যেক খেলোয়াড়ের হাতে এককালীন ২৪ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এতে ফুটবল ইভেন্টে মনোনীত হয়েছেন মো. মাহামুদুল হাসান কিরন, আরশাদ হাবীব বিশাল, মো. তানভীর সিদ্দিকী সাইমুন, নুর উদ্দিন সজল, ফারহান ইমতিয়াজ, মো. সোহেল রানা। ক্রিকেট ইভেন্টে আশরাফুল ইসলাম সিয়াম, মো. মেহেদী হাসান রাসেল, মো. হুমায়ুন কবির, মো. উদয় মাহমুদ, ক্রিকেট (নারী) ইভেন্টে সিনথিয়া সিলভী, মৃত্তিকা চাম্বুগং, সিফাত আরা রুমকি। এ্যাথলেটিকস্ ইভেন্টে মো. রাসেল মাহমুদ, মোছা. ফাতেমা তুজ জহুরা, মোছা. ছাবিকুন নাহার, তানজিনা আক্তার শর্মী, মো. রাকিবুল ইসলাম, মো. সিফাত ফারহান সানি, আব্দুরাহ বিন আহমেদ; ব্যাডমিন্টনে শাজনীন ইসলাম; হ্যান্ডবল ইভেন্টে মোমিনুল ইসলাম, এস এম আবু কাজি সাদাত, আংহো খুমী, উটিং মং চাক, জসাইমং মারমা, বেবী খাতুন, শাহানাজ পারভীন শানু। বাস্কেটবলে মানসিবুর রহমান সাধ, মোহাম্মদ ওয়ালিদ হাসান, শাহানুর রহমান। টেবিল টেনিসে অগ্নিজিতা দে সেঁজুতি ,সৈয়দা আলভী খোরশেদ, পাঅং বম বৃত্তিপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক নাছরিন বেগম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা প্রথমবারের মতো এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আমরা আশা করি এখন থেকে প্রতিবছরই এ বৃত্তির আওতায় আনা হবে জাবি শিক্ষার্থীদের।’ বৃত্তির উপলক্ষ জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে বিশেষ পারদর্শিতা, ক্রীড়াবিদদের শারিরীক স্বকীয়তা বজায় রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সর্বোপরি আহতদের চিকিৎসা বাবদ এ বৃত্তি প্রদান করা হয়।’

এদিকে ক্রীড়া শিক্ষা বৃত্তি লাভ করায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এক অভিনন্দন বাতার্য় উপাচার্য বলেন, ‘এই বৃত্তি কৃতি খেলোয়াড়দের আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ থাকা এবং সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য।’

উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। ৫ম শ্রেণি হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা হারে বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণি হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা হারে বাৎসরিক ২৪ হাজার টাকা হিসেবে এক হাজার জন ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ৫৯ জন ক্রীড়াসেবীদের মাঝে আর্থিক ও চিকিৎসা সহায়তা বাবদ ৮৩ লাখ ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.