এইমাত্র পাওয়া

বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪১তম দিবস

ইবি প্রতিনিধি-এম বি রিয়াদ ।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত সরকারী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদাহ জেলার মধ্যবর্তী স্থান শান্তিডাঙ্গা-দুলালপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে উঠে এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ৪০ বছর অতিক্রম করে আজ ৪১ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার (২২ নভেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

ক্যাম্পাস সূত্রে, দিবসটি উপলক্ষ্যে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনার আগে প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়।

 

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। সভায় ৪১ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এসএম আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে ৪১ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা ৪১তম জন্মদিনে আমাদের প্রত্যাশা। একই সঙ্গে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণতা দেওয়া। এছাড়া অবকাঠামো এবং একাডেমিক কারিকুলামগত সংস্কার সাধন করা।’
এছাড়াও জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ। পরে বিকেলে ক্যাম্পাসের বাংলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.