সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষকে ওএসডি

বগুড়াঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহজাহান আলীকে ওএসডি করা হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে বদলি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপণে এ বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপণে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব সামিয়া ইয়াসমিন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যক্ষ শাহজাহান আলী আগামী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই দিন দুপুরে তাৎক্ষনিকভাবে তিনি অবমুক্ত মর্মে গণ্য হবেন।

সরকারি আজিজুল হক কলেজের নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, ২০২২ সালের ২৫ জুন বিকেল ৪টায় পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে সন্ধ্যার পর এক পর্যায়ে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদাকে নিয়ে কথা উঠলে অধ্যক্ষ শাহজাহান আলী আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। এর আগে ১৪ জুন শিক্ষক পরিষদের নির্বাচন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটি নিয়ে বিরোধের জেরে তার সমর্থন কিছুটা কমেছে অনুমান করে স্টাফ কাউন্সিলের সম্পাদক গণিতের শিক্ষক প্রফেসর মো. মাহতাবসহ অন্যদের সামনেই নারী শিক্ষকদের নিয়ে আপত্তির ও অশালীন বক্তব্য দেন অধ্যক্ষ শাহজাহান আলী। এর কিছুদিন আগে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে রাজশাহী ও রংপুর বিভাগীয় সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালার পরে কিছু শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের সামনেও তিনি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে এ ঘটনা নিয়ে অধ্যক্ষ জোহরা ওয়াহিদা অভিযোগ করেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়৷ ওই ঘটনায় তার বিরুদ্ধে একাধিকবার তদন্ত হয়। সেই তদন্তে দোষী প্রমাণিত হওয়ার কারণেই অধ্যক্ষ শাহজাহান আলীকে ওএসডি করা হতে পারে বলে ওই শিক্ষক জানান।

এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলীর সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.