তিন দিনের অবরোধ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রবিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার; বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে শনিবার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশি হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.