ঢাকাঃ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। বিএনপি রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। এরপর শুরু হবে নতুন শ্রেণিতে ভর্তির কার্যক্রম। বছরের শেষদিকে পরীক্ষাগুলো সময়মতো অনুষ্ঠিত না হলে সন্তানদের শিক্ষাজীবন এলোমেলো হয়ে যেতে পারে, এমন ভাবনায় বিচলিত অভিভাবকরা।
স্কুলগুলোতে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নভেম্বরে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নভেম্বর মাসের শেষে প্রকাশ করা হবে। তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এরপরেই উচ্চ শিক্ষায় ভর্তি কার্যক্রম শুরু হবে। শুরুতে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা রয়েছে। মহামারি করোনার কারণে লন্ডভন্ড হয়ে যায় শিক্ষাসূচি। এখনও এসএসসি এবং এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোর সূচি ঠিক করা যায়নি। বিশ্ববিদ্যালয়েও সেশনজট দেখা দিয়েছে।
বিভিন্ন স্কুলে এখন এসএসসির নির্বাচনি পরীক্ষা চলছে। আবার এইচএসএসির ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা এখন ব্যস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে। ফলে হরতাল অথবা যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষা পেছালে তা নতুন করে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।
পেশায় ব্যবসায়ী অভিভাবক রফিকুল ইসলাম উজ্জল বলেন, আমার দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে এসএসসি এবং ছেলে পঞ্চম শ্রেণির পরীক্ষা দেবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চরম উৎকণ্ঠায় আছি। পরীক্ষাগুলো সময়মতো অনুষ্ঠিত হবে কি না, জানি না। বছরের প্রায় শেষ দিকে পরীক্ষা পেছানোর সুযোগ পাওয়া যাবে কতটুকু? আবার এর পরপরই ছেলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেওয়া রোজী রায়হান বলেন, পরীক্ষার জন্য আমাদের একটি মানসিক প্রস্তুতি থাকে। কোনো কারণে তা পেছালে সেই প্রস্তুতির ব্যাঘাত ঘটে। ফলে ফল ভালো করা যায় না।
রাজধানীর মনিজা রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাধবী লতা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে এমন কোনো কর্মসূচি রাজনৈতিক দলগুলো দেবেন না, আমরা আশা করব। রাজনীতি জনগণের জন্য। আর শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ষাণ্মাসিক মূল্যায়নের পর এবার আসছে বছরের সামষ্টিক মূল্যায়ন। এরই মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর এ মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগাম নির্দেশনায় জানানো হয়েছে। মূল্যায়ন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা আজ রবিবার (২৯ অক্টোবর) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর কথা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
