বেকারত্ব কমাতে নতুন কারিকুলাম বাস্তবায়ন: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উচ্চশিক্ষায় পুঁথিগত বিদ্যার ওপরে জোর দেওয়ায় ডিগ্রি অর্জনের পরও অনেকে বেকার থাকছেন বলে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বেকারত্ব কমাতে সরকার নতুন কারিকুলাম বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমরা পুঁথিগত বিদ্যায় জোর দিয়ে থাকি। ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে পারছেস না। স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও তারা বেকার জীবন কাটাচ্ছেস।

রবিবার (২২ অক্টোবর) বেসরকারি নর্দান ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বেকারত্ব কমাতে সরকার নতুন কারিকুলাম বাস্তবায়নে কাজ করছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক সমাজ গঠন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য ও দক্ষ নাগরিক তৈরি করতে হবে। পাশাপাশি মানবিক গুণাবলীরও বিকাশ ঘটাতে হতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে মহিবুল হাসান চৌধুরী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের জন্য যুগোপযোগী হয়ে গড়ে উঠতে হবে। আশা করি, আপনারা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ জীবনেও নিজেদের প্রতিষ্ঠিত করবেন। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।

সমাবর্তনে মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে পুরো পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মধ্যে সীমাবন্ধ থাকলে চলবে না। দ্রুত এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.