ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ: কোন পক্ষে মালালা

ঢাকাঃ ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের পঞ্চম দিন চলছে আজ। এ পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। সংঘর্ষ শুরুর পর থেকেই একের পর এক দেশ থেকে এসেছে পক্ষে বিপক্ষে বিবৃতি। এবার সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

মালালা বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রত্যাশী সব মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়।

নোবেল বিজয়ী মালালা বলেন, আমি গত কয়েক দিন ধরে ঘটে যাওয়া সংঘাতে ফিলিস্তিনি এবং ইসরাইলি শিশুদের কথা মনে করি। যে কোনো সংঘাতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ ও শিশুরা।

তিনি আরও বলেন, যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না। যারা ইসরাইলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন যারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।

ইউসুফজাই ২০১২ সালে তালেবান বাহিনীর একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি ছাত্রী থাকাকালীন তার অভিজ্ঞতার কঠিন সময়ের কথা শেয়ার করেন। তিনি বলেন, আমি তখন মাত্র ১১ বছর বয়সী, যখন আমি সহিংসতা এবং সন্ত্রাস দেখেছিলাম। আমরা মর্টার শেলের শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলাম। আমাদের স্কুল এবং মসজিদগুলো বোমায় ধ্বংস হতে দেখেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.