এইমাত্র পাওয়া

হার না মানা দুলাল স্যার

রাজবাড়ীঃ কলেজে পড়া অবস্থায় ট্রেন দুর্ঘটনায় দুই পা হারান। ডান হাতের চারটি আঙুল নেই। কিন্তু তিনি থেমে থাকেননি। পড়ালেখা চালিয়ে গেছেন। নিজের ওপর আত্মবিশ্বাস রেখেছেন। পড়ালেখা শেষ করে শুরু করেন শিক্ষকতা। এখন তিনি একজন জনপ্রিয় শিক্ষক।

জীবন যুদ্ধে হার না মানা এ শিক্ষকের নাম আলেক সরদার দুলাল। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি মদাপুর ইউনিয়নের গরিয়ানা গ্রামে।

আলেক সরদারের সঙ্গে কথা বলে জানা যায়, দূর্গাপুর দামুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু। ১৯৮৭ সালে বেলগাছি আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, ১৯৮৯ সালে রাজবাড়ী সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে রাজবাড়ী ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি বলেন, ১৯৯১ সালে রাজবাড়ী সরকারি কলেজে পাশ কোর্সের শেষ বর্ষে অধ্যয়নরত ছিলাম। ঐ বছরের ৪ ডিসেম্বর পাশ কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। হঠাৎ করেই ৬৫টি কলেজের শিক্ষকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডাকেন। এজন্য কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। ঐদিন আবার ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীদের টাকা জমা দেওয়ার তারিখ ছিল। আমার চাচাতো ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আমরা জামানতের টাকা জমা দেওয়ার জন্য পাংশা যাচ্ছিলাম। তখন এ অঞ্চলে ট্রেনই যাতায়াতের প্রধান বাহন ছিল। সবার সঙ্গে পাংশা যাওয়ার জন্য আমি ট্রেনে উঠতে যাই। ঘন কুয়াশা, ট্রেন ছিল একটু রানিং। দৌড়ে ট্রেনে উঠতে যাই। ট্রেনের হাতল পিছলে নিচে পড়ে যাই।

আলেক সরদার দুলাল আরো বলেন, এ সময় আমার দু’পা চাকার নিচে পড়ে। এতে ডান পায়ের হাঁটুর উপর থেকে, বাম পায়ের হাঁটুর নিচ থেকে এবং ডান হাতের চার আঙুল কেটে যায়। ভাগ্য ভালো ছিল প্রাণে বেঁচে যাই। পাঁচ মাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এরপর বাড়িতে আসি। ১৯৯২ সালে পিছিয়ে যাওয়া ঐ পরীক্ষা শুরু হয়। ডান হাতের আঙুল না থাকায় শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিই। প্রথম শ্রেণীতে পাশ করি। এরপর সরকার শিক্ষক নিয়োগের জন্য একটি সার্কুলার দেয়। আমি সেখানে আবেদন করি। ঐ পরীক্ষায় সারাদেশের মধ্যে আমি দ্বিতীয় স্থান অর্জন করি। এরপর ১৯৯৮ সালে দামুকদিয়া দূর্গাপুর আজিজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করি।

ঐ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একাডেমিক ভবনের নিচ তলার একটি শ্রেণিকক্ষে পাঠদান করছেন দুলাল। সেখানে ইংরেজি পড়ান। তিনি আরও বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। এজন্য ২০১৮ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করি।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দুলাল স্যার আমাদের সবার কাছে খুব প্রিয়। ক্লাসে তিনি আমাদের খুবই মনোযোগ সহকারে পড়ান। কোনো বিষয় একবারে না বুঝতে পারলে একাধিকবার তিনি বুঝিয়ে দেন। এতে তিনি কখনোই বিরক্তি বোধ করেন না।

দামুকদিয়া দূর্গাপুর আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়েদুর রহমান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, প্রায় সবাই শারীরিকভাবে সুস্থ। আমরা যতটা সক্রিয়, তার চেয়ে অনেক বেশি সক্রিয় দুলাল স্যার। আমি অনেক ইংরেজি শিক্ষক দেখেছি। কিন্তু আমার চোখে দুলাল স্যারই সেরা। বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে তার স্যারের গ্রহণযোগ্যতা অনেক বেশি। শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বাইরের অনেক শিক্ষার্থী তার কাছে ইংরেজি পড়তে আসেন। তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। বিদ্যালয়ের পক্ষ হতে তার জন্য একটি নির্দিষ্ট শ্রেণিকক্ষে পাঠ দান করানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া তিনি আর কোনো বাড়তি সুবিধা গ্রহণ করেন না। তিনি সব সময় যথাসময়ের আগেই বিদ্যালয়ে আসেন। এছাড়া ব্যক্তিগত ছুটিও অনেক সময় কাটান না।

ওবায়েদুর রহমান আরো বলেন, দুলাল স্যার ১৯৯৮ সালের ২৬ মে দামকদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এখন পর্যন্ত তিনি দায়িত্ব সহকারে পাঠদান করে যাচ্ছেন। একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছেন।

উল্লেখ্য, ঐ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় আলেক সরদার দুলাল উদ্দীপনা পুরস্কার পান। এছাড়া শিক্ষাখাতে বিশেষ অবদান রাখার রাজবাড়ী ক্যারিয়ার ক্লাব তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.