এইমাত্র পাওয়া

শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিতেই শিক্ষক দিবসের প্রকৃত স্বার্থকতা

শিক্ষক আমি শেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,

বহুদিন পূর্বেই কবি কাজী কাদের নেওয়াজ শিক্ষকের মর্যাদা তুলে ধরেছিলেন তাঁর কবিতায়।যুগে যুগে কবি -সাহিত‍্যিকগণ, জ্ঞানী, গুনীজন শিক্ষকের স্তুতি গেয়েছেন।কিন্তু বাস্তবতা অন্য কথা বলে।আজও যখন বাংলা সিনেমায় ধনী বাবার একমাত্র ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখা স্কুল মাস্টারের মেয়েকে শুনতে হয় “সামান‍্য স্কুল মাস্টারের মেয়ে হয়ে তোমার স্পর্ধা হয় কী করে? বামন হয়ে চাঁদে হাত বাড়াও!!” তখন এই সমাজে শিক্ষকের অবস্থান পরিষ্কার হয়ে যায়।আবার টেলিভিশনের বিজ্ঞাপনে দেখি গ্রামের এক সহজ সরল মানুষ ” ঘরের চালে কোন টিন লাগামু মাস্টার সাব” বলে শিক্ষকের পরামর্শ নিতে চায়,তখন মনে হয় হয়তো এখনো এই সমাজে শিক্ষকের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিশ্বের ১০০ টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।

বিশেষ একটি’ দিবস’ কে ঘিরে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দেয়া,তাঁদের সম্মান প্রদর্শন করা,যদিও বিশ্বব‍্যাপী পালিত হয় তবুও আমার মনে হয়,শিক্ষকের মর্যাদা নির্দিষ্ট দিন -তারিখে আবদ্ধ নয়।সব সময়-ই একজন আদর্শ শিক্ষক তাঁর স্ব-মহিমায় ভাস্বর।একজন প্রাজ্ঞ,অভিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষক,একটি সমাজ বদলে বিশেষ ভূমিকা পালন করে।একজন আদর্শ শিক্ষক -ই পারেন একটি আদর্শ জাতী গঠনের পথ প্রদর্শন করতে।শিক্ষকগণ সমাজের বিবেক, দেশ গঠনের প্রধান নিয়ামক।একজন শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীর মননে মনুষ্যত্বের বীজ বপন করে তার ব‍্যাক্তিগত ও কর্মময় জীবনকে আদর্শের মাপকাঠিতে উত্তীর্ণ হতে সহায়তা করে।ফলে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্র তার দ্বারা উপকৃত হয়।তাই শুধু একটি দিবস কে ঘিরেই শিক্ষকের অবদান কে সম্মান জানিয়েই শেষ করলে হবে না।শিক্ষকের জীবনের মান উন্নয়ন করে,বিভিন্ন বৈষম্য দূর করে,আদর্শ শিক্ষাঙ্গন ও আদর্শ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবী।

দেশব‍্যাপী শিক্ষকদের বৈধ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করাই হবে শিক্ষক দিবসের প্রকৃত স্বার্থকতা।

লেখকঃ মোছাঃ দিলারা আফরোজ, সহঃ শিক্ষক, বাঁশবাড়ীয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়, গাংনী,মেহেরপুর। (জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও মাস্টার ট্রেইনার)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.