বরগুনাঃ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি তিনতলা। ১৯৭৮ সালে এটির নির্মাণ হয়। সেখানে শিক্ষার্থীদের পাঠদান চলত। শিক্ষার আলো ছড়ানো ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উঠে গেছে দেয়ালের রং, খসে পড়ছে পলেস্তারা। ফাটল দেখা দিয়েছে দেয়ালে, ছাদ, পিলার ও বিমে। কোনো উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের ক্লাস, কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটসের অফিসের কার্যক্রম। এমন চিত্র বরগুনার বেতাগী সরকারি কলেজের।
সরেজমিনে দেখা যায়, বেতাগী পৌরসভার প্রাণকেন্দ্র ৫ নম্বর ওয়ার্ডের সড়কের পাশেই কলেজটি অবস্থিত। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদের বস্ত্র প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খান এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠার ছয় বছর পর ১৯৭৮ সালে তিনতলাবিশিষ্ট একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এর সার্বিক দেখভালের দায়িত্ব ছিল কলেজ কর্তৃপক্ষের।
ভবনটির দোতলা ও তিন তলায় ক্লাস করানো হতো।
বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের দ্বিতল ও ত্রিতল অংশে চারটি শ্রেণিকক্ষই বন্ধ রয়েছে। নিচতলার তিনটি কক্ষে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্টের অফিসের কার্যক্রম পরিচালিত হয়।
দেয়ালের রঙের প্রলেপ উঠে গেছে অনেক আগে। প্রায়ই খসে পড়ে পলেস্তারা।
শ্রেণিকক্ষের মেঝের কোথাও কোথাও উঠে গেছে ঢালাই। ফাটল দেখা গেছে ভবনের নানা জায়গায়। তিন মাস আগে এই ভবনের তিন তলার ওপর থেকে পলেস্তারা খসে পড়ে এক পথচারী আহত হওয়ার খবর মেলে।
কলেজে একাদশ শ্রেণির ছাত্রী বর্ণানী বিশ্বাস বলেন, কলেজের এই ভবনের অবস্থা ভালো না। বর্তমানে ক্লাস না চললেও অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর নিচ দিয়ে চলাচল করতে ভয় লাগে।
কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, উচ্চ মাধ্যমিক ও স্নাতকের বিভিন্ন শ্রেণিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ ৬৫ জন রয়েছেন। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের মতো শিক্ষকরাও উদ্বিগ্ন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ বলেন, কলেজ ভবনটি কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক ধরে মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার চারটি কক্ষে পাঠদান বন্ধ রয়েছে। কক্ষের সংকট থাকায় নিচতলায় অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মিলছে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
