এইমাত্র পাওয়া

চাকরি না পেয়ে স্কুলের প্রবেশপথে বেড়া দিল জমির মালিকরা

নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় নিরাপত্তাকর্মী পদে চাকরি না পেয়ে স্কুলের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য পরে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করার কথা বলে বাঁশের বেড়া সরিয়ে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছে। সোমবার উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, জামনগর ঘোষপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মৃত নাজিম উদ্দীনের জমির ওপর দিয়ে ওই বিদ্যালয়ের প্রবেশপথ।

দীর্ঘদিন ধরে সবাই ওই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। তবে জমি মালিকদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি ছিল ওই রাস্তা দেওয়ার বিনিময়ে তাদের পরিবারের সদস্যদের থেকে ওই বিদ্যালয়ে যেন কাউকে চাকরি দেওয়া হয়। বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হলেও এত দিন কোনো নিয়োগ না থাকায় তারা সেখানে চাকরির সুযোগ নিতে পারেনি। গত বছরের অক্টোবর মাসে ওই বিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জমির মালিক মৃত নাজিম উদ্দীনের প্রতিবন্ধী ও শিক্ষিত ছেলে রিয়েল ওই বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী পদে দরখাস্ত করেন এবং পরীক্ষাও দেন।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে ওই পদে নিয়োগ প্রদান করে।

জমি মালিকের বড় ছেলে জুয়েল রানা এ বিষয়ে বলেন, ‘আমার ছোট ভাই রিয়েলের চাকরির বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুনের সাথে কথা বললে তিনি বলেন, “আমার ভাইয়ের চাকরি হয়নি। তখন রাস্তা ও জমির বিষয়ে বললে ওই শিক্ষিকা বলেন, ‘তোমাদের রাস্তা তোমরা যা খুশি করো। আমরা বিকল্প রাস্তা নিয়ে নেব।

’ তার কথার ভিত্তিতে আমরা রাস্তা বন্ধ করে আমাদের জমিতে বাঁশের বেড়া দিই। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ওসিসহ কর্তৃপক্ষের কথায় বাঁশের বেড়া সরিয়ে নেওয়া হয়েছে।”

এ বিষয়ে জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুন বলেন, ‘সকালে জমির মালিকরা বাঁশের বেড়া দিয়েছিলেন। তবে দুপুরে প্রশাসন তা খুলে দিয়েছে। জমির মালিকদের চাকরি প্রদানের প্রতিশ্রুতির বিষয়টি মিথ্যা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘একটি পক্ষ বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়েছিল। তবে তাদের সমস্যার সমাধান করা হবে বলে বেড়া খোলানো হয়েছে।’

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, ‘বিদ্যালয়ের প্রবেশপথে জমি মালিকরা বাঁশের বেড়া দিয়েছিল। পরে আমরা সেখানে গিয়ে জমি মালিকদের সমস্যার কথা শুনে বিষয়টি সমাধান করার কথা বলে বেড়া খোলার ব্যবস্থা করেছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.