শিক্ষক স্বল্পতায় ফেনী সরকারি কলেজে পাঠদান ব্যাহত

ফেনীঃ শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ফেনী সরকারি কলেজের পাঠদান। আড়াইশ জন শিক্ষকের চাহিদার বিপরীতে নিয়মিত শিক্ষক আছেন মাত্র ৫৭ জন। কলেজের প্রায় ২২ হাজার শিক্ষার্থীর পাঠদানে হিমশিম খান তারা। দিনের পর দিন অনেক বিষয়ের ক্লাস হয় না। এতে ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থী এবং অভিভাবকরা। দ্রুত শিক্ষক নিয়োগ দেয়ার দাবি তাদের।

১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় ফেনী সরকারি কলেজ। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে ৩০টি বিভাগে প্রায় ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এটি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত। কলেজটিতে ২৫০ জন শিক্ষকের পদ থাকলেও শিক্ষক আছে মাত্র ৫৭ জন। এছাড়া সংযুক্ত শিক্ষক ও অতিথি শিক্ষক রয়েছে ৩০ জন।

এই অল্প সংখ্যক শিক্ষক দিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম প্রায় অসাধ্য হয়ে পড়েছে। দিনের পর দিন ক্লাস না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শতবর্ষী ঐতিহ্যবাহী এই কলেজে পড়ার আগ্রহ নিয়ে তারা ভর্তি হন। নানা কারণে চাইলেও শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাচ্ছে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭৮টি শিক্ষকের নতুন পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি বিবেচনা করে দ্রুত শিক্ষক নিয়োগে সংশ্লিষ্টদের সহযোগিতা চান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন।

কলেজের অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.