সিরাজগঞ্জঃ ইট, রড, সিমেন্ট আর লোহা দিয়ে তৈরি দালান, আর সেই দালানের ছাদে সারি সারি টবে বিভিন্ন প্রজাতির ফুল, ফল আর নানা রকমের সবজির বাগান। এ যেন ইট-পাথরের জীবনে একটুখানি প্রশান্তি। আর এ ছাদবাগান দেখে অনেকের আগ্রহ জন্মেছে বাগান করার। এই নয়নাভিরাম বাগানটি গড়ে উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সদর থেকে আট কিলোমিটার দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের উত্তরে চান্দাইকোনা বাজারে শিক্ষক মাহবুবা খাতুনের বাড়িতে।
সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার এলাকায় বাড়ি করেছেন শিক্ষক মাহবুবা। ২০১৯ সালে বাড়ি নির্মাণের পরপরই সখ করে তিনি ছাদে বাগান শুরু করেন। স্থানীয় নার্সারি থেকে ফল, ফুল, ওষুধি ও সবজিসহ বিভিন্ন জাতের গাছের চারা সংগ্রহ করে ছাদবাগানে লাগান। এখন তার বাগানে তিন হাজারের বেশি দেশীয় প্রজাতির গাছ রয়েছে। তিনি উপজেলার ভুঁইয়াগাতী বালিকা উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি সংসারের সব কাজ শেষ করার পর যেটুকু সময় পান পরিচর্যা করেন ছাদবাগানের। অবসর সময়ে নিজের মানসিক প্রশান্তি এবং পরিবারের সদস্যদের প্রকৃতির সাথে পরিচয় করে দেয়ার জন্যই তার এই ছাদবাগান।
শিক্ষক মাহবুবা বলেন, ছাদবাগান করার জন্য কৃষি অফিস ও বন বিভাগ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার ছাদবাগান রাজশাহী বিভাগের মধ্যে প্রধানমন্ত্রীর প্রথম পুরস্কার লাভ করেছে। জাতীয় পর্যায়ে ছাদবাগানটি অনেক খ্যাতি অর্জন করেছে। ছাদবাগান করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছি। আমি এই ছাদবাগানে দেশীয় বিলুপ্ত প্রজাতির শ্বেত চন্দন, রক্ত চন্দন, ডেওয়া কদবেল, গাব, সাদা লজ্জাবতী, চাপালিশ, গোলাপজাম, সোনালু, পারুলসহ তিন হাজারে বেশি বনজ ও ফলদ গাছ লাগিয়েছি। এই বাগান দেখতে প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভিড় করছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত ছাদবাগান পরিদর্শন করেন এবং কোনো সমস্যা হলে পরামর্শ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
