চট্টগ্রামঃ জেলার ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে শ্রেণিকক্ষে পিটিয়ে আহত করার পর সেই ছাত্রের বাড়িতে মিষ্টি নিয়ে দেখতে গিয়েছেন প্রধান শিক্ষক। গত ২৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও গত বৃহস্পতিবার শিক্ষক আহত ছাত্রের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
জানা যায়, উপজেলার তারাখোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক ক্লাসচলাকালীন সময়ে দুষ্টুমি করায় ক্ষিপ্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্র রুস্তম আলীকে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে পরে স্থানীয় হাসপাতালে ছাত্রটিকে চিকিৎসা দেন স্বজনরা।
আহত ছাত্রের মা সেলিনা আকতার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবুও আমার ছেলেকে কেন এভাবে বেত্রাঘাত করল বুঝতেছি না। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান শিক্ষক মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এসে ক্ষমা চেয়েছেন।’
প্রধান শিক্ষক মোমিনুল হক বলেন, ‘ছেলেরা অতিরিক্ত দুষ্টুমি করছিল শ্রেণিকক্ষে। তাদের ভয় দেখাতে গিয়ে কয়েকটা বেত্রাঘাত করেছি। রুস্তমের গায়ে বেত্রাঘাত বেশি হওয়ায় আমি অনুতপ্ত।’
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসানুল কবির বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
