ফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনিত যৌন নিপীড়নের অভিযোগে তার সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।
গতকাল রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই তথ্যসূত্রে, প্রভাষক মোঃ হুমায়ুন কবিরকে উপর্যুপরি বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রেজিষ্ট্রার কার্যালয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহাকারী প্রক্টর মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সুমি সিং নামের এক নেপালি ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
প্রসঙ্গত, আনিত অভিযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে। বিষয়টির সঠিক কোনো সুরাহা না হওয়ায় এবং ন্যায় ও সুষ্ঠু বিচারের নিমিত্তে তার সহকারী প্রক্টর পদটি পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ শাহজাহানের অনুমোদনক্রমে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরউদ্দিন আহমেদ।
কিন্তু অভিযুক্ত শিক্ষক মোঃ হুমায়ুন কবির শিক্ষাবার্তা ডট কমকে বলেন, `ওই শিক্ষার্থী আমার বিরদ্ধে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভুয়া, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক যৌন নিপীড়নের অভিযোগ করেছে। ওই শিক্ষার্থীর মিথ্যা অভিযোগের ঘটনাটি আমার সম্মান ও আত্নমর্যাদা ক্ষুণ্ন করেছে। আমার বিরুদ্ধে চলতি নানান ষড়যন্ত্রে আমি বর্তমানে চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনায় ন্যায় বিচার ও পুঙ্খানুপুঙ্খভাবে সুুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
