এইমাত্র পাওয়া

স্কুলে ফান্ডের ৪০ লাখ টাকা তুলে নিয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক!

বগুড়াঃ জেলার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।আর এ আত্মসাতের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিব ও কয়েকজন সহকারী শিক্ষক জড়িত বলে গুঞ্জন শুরু হয়েছে।

অভিযোগে জানা গেছে, চলতি মাসের ৪ই সেপ্টেম্বর তিনি অবসরে যান। অবসরের আগে চলতি বছরের গত ৪ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৮ মাসে সোনাতলায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ব্যাংক হিসাব থেকে ৪০ লাখ ১১ হাজার ৯৯৫ টাকা উত্তোলন করা হয়েছে। তবে ওই টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে তার কোনো হিসাব নেই।

অভিযোগ প্রসঙ্গে সদ্য সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, তিনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না। যা বলার বর্তমান প্রধান শিক্ষককে বলুক।

বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিবের সঙ্গে কথা বললে তিনি এ ব্যাপারে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। পরে তথ্য অধিকার বিধিমালার তথ্য প্রাপ্তির ফরমে আবেদন করা হয়। এরপর তার কাছে ওই টাকার ব্যাপারে জানতে চাইলে তিনি তথ্য দিতে গড়িমসি করেন। পরে যোগাযোগ করলে টাকার ব্যাপারে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার রাত ৩টা পর্যন্ত এবং পরেরদিন শনিবার বিকাল ৪টা পর্যন্ত অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে বিদ্যালয়ে অবস্থান করতে দেখা যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিব ও সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে দেখার পর সভাপতি সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। টের পেয়ে সাবেক প্রধান শিক্ষক ব্যাগ হাতে দ্রুত সটকে পড়েন।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিব জানান, জরুরি প্রয়োজনে সাবেক প্রধান শিক্ষককে ডাকা হয়েছিল। তবে সে প্রয়োজনের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানের ব্যাপারে তার কিছু জানা নেই।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, তিনি সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের টাকা আত্মসাতের বিষয়টি শুনেছেন। এরপর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন। শিক্ষা কর্মকর্তা তাকে এখনো অবহিত করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.