এইমাত্র পাওয়া

উপস্থিতির ভিত্তিতে মাত্র ১২ শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে উপস্থিতির ভিত্তিতে মাত্র ১২ শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল পরীক্ষা নিয়েছেন শিক্ষকরা। রোববার এ ঘটনার পর পরীক্ষা দেওয়ার দাবিতে বাকি ৩২ শিক্ষার্থী বিভাগের সভাপতি এবং পরীক্ষার হলে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকের আশ্বাসে তারা তালা খুলে দেন।

শিক্ষার্থীরা জানান, গত ১৭ সেপ্টেম্বর ২০১৭-১৮ সেশনে স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের নোটিশ দেওয়া হয়। সময় দেওয়া হয় ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরদিন নোটিশের মাধ্যমে বিভাগ ৩১ শিক্ষার্থীকে (যাদের ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে) ডিস-কলেজিয়েট ঘোষণা করে পরীক্ষা দেওয়ার অযোগ্য ঘোষণা করে। মাত্র ১৩ শিক্ষার্থী কলেজিয়েট (৭০ শতাংশের ওপরে উপস্থিতি) ও নন-কলেজিয়েট (৬০-৭০ শতাংশ উপস্থিতি) হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার দাবিতে রোববার সকালেই বিভাগের সামনে অবস্থান নেন ৩১ ডিস-কলেজিয়েট ও এক নন-কলেজিয়েট শিক্ষার্থী। তখন বিভাগ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম এসে পরীক্ষা স্থগিতের কথা জানালে তারা চলে যান। কিন্তু দুপুর ১২টায় ওই সেশনের ১২ শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা শুরু করেন শিক্ষকরা। ঘটনা জানতে পেরে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীরা বিভাগে এসে আন্দোলনে নামেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের অধিকাংশ শিক্ষক নির্দিষ্ট সময়ে ক্লাস নেন না। সকাল ৯টায় ক্লাসের সময় দিয়ে অনেকে দুপুরের পর নেন। আবার অনেক কোর্সে একটি বা দুটি ক্লাস নেওয়া হয়েছে। কয়েকটি কোর্সের উপস্থিতি যুক্তই করা হয়নি।

তবে ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ডিস-কলেজিয়েট ঘোষণা করা শিক্ষার্থীদের অনেকে এক দিনও ক্লাস করেননি। প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আজকের পরীক্ষাটি পরবর্তী সময়ে নেওয়া হবে কিনা এবং পরে ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা– তা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, কোনো বিভাগের বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারি না। তবে দু’পক্ষের কথা শুনেছি। তাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীরকে কল করা হলে মিটিংয়ে আছেন জানিয়ে বলেন, এ বিষয়ে পরে কথা বলব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.