ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূইয়াকে চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ পাঠানোর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ওই অধ্যাপক নিজ ইনস্টিটিউটের ঠিকানায় ‘খাকি খামের চিঠিটি’ হাতে পান।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ড. মো. নিজামুল হক ভূইয়া। ঘটনাটি বিব্রতকর জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না আমার নিরাপত্তা দরকার আছে। তবে আমরা যারা শিক্ষক সমিতিতে আছি, বিভিন্ন টকশোতে যাচ্ছি, সরকারের উন্নয়নের পক্ষে কথা বলছি। আমার মনে হয় আমাদের সবাইকে এটা করবে।’
এ ঘটনায় একই দিনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। সেখানে ওই অধ্যাপক চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ ছাড়াও ‘বিভিন্ন শিরোনামে’ কয়েকটি কাগজ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
সাধারণ ডায়েরিতে তিনি লিখেছেন, ‘১৯ সেপ্টেম্বর সকাল অনুমান ১১.১৫ ঘটিকার সময় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এ আমার অফিস কক্ষে আমার নামে একটি খাকি খামের চিঠি আসে। পরবর্তীতে একই তারিখ বিকাল অনুমান ০৩:২০ ঘটিকার সময় আমার বিভাগের (২য় তলা) অফিস কক্ষ থেকে আমার ব্যক্তিগত (একই ভবনের নিচ তলা) কক্ষে অফিস স্টাফ মো. ইমরান হোসেন (২৬) উক্ত খাকি খামের চিঠিটি আমার নিকট প্রদান করে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি খামটি আমার বিভাগের সহকর্মী সহকারী অধ্যাপক জনাব সাইফুল ইসলামের উপস্থিতিতে খুলে– লাল কালির মার্কার দিয়ে হাতে লেখা ০১ (এক) টি কাগজ, যাহাতে ইংরেজি ভাষায় অশ্লীল বাক্য লেখা; ‘শেখ মুজিবের আসল বংশ পরিচয়’ শিরোনামে এ-৪ সাইজের একটি কাগজ; ‘দোস্তি: ত্রিশ লক্ষ লাশের উপর’ শিরোনামে বঙ্গবন্ধুসহ অন্যান্য ব্যক্তিবর্গের ছবি সংবলিত এ-৪ সাইজের একটি কাগজ, এবং; ছোট এক টুকরা সাদা কাপড় দেখতে পাই।’
এ বিষয়ে ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করেছেন এবং আইনগত সহায়তার জন্য সাধারণ ডায়েরির আবেদন করেছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
