ঢাকাঃ বৈধ সিটের নিশ্চয়তা ও পলিটিক্যাল গণরুম বাতিলসহ পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ‘বৈধ সিট আমার অধিকার’ প্লাটফর্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ১ম বর্ষ থেকে সিট বরাদ্দ দেওয়া, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ না করা, গেস্টরুম বাতিল করা, পলিটিক্যাল গণরুম বাতিল করাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে।
মানববন্ধনে ঢাবি ছাত্র ফেডারেশনের আহবায়ক আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেস্টরুমে ঘণ্টার পর ঘণ্টা মানসিক অত্যাচার করা হয়, জেরা করা হয় তারা প্রোগ্রামে গেছে কি যায় নি। বছরের পর বছর ধরে এভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী দীপ্ত বলেন, শিক্ষার্থীদেরকে গণরুমে রেখে রাজনৈতিক দলগুলো তাদেরকে বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, শিক্ষার্থীরাই কেবল তাদের অধিকার আদায়ে নেমে আসলে তারা দাসত্ব থেকে মুক্তি পাবে। সিট কারো দয়াদাক্ষিণ্যের বিষয় নয়।
শিক্ষার্থী উমামা ফাতেমার সঞ্চালনায় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী সাইমুননাহার কর্ষি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শোভন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সামির, দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব এবং পদার্থ বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
